আন্তর্জাতিক ডেস্কঃ
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ৩২তমবার আরোহণ করে আবারও নিজের গড়া রেকর্ড ভেঙেছেন খ্যাতনামা নেপালি শেরপা গাইড কামি রিতা শেরপা। পর্বতারোহণের ইতিহাসে এটি এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, ৫৬ বছর বয়সী কামি রিতা স্থানীয় সময় রোববার সকাল ১০টা ১২ মিনিটে ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার এভারেস্ট চূড়ায় পৌঁছান। তিনি অভিযাত্রী প্রতিষ্ঠান ‘ফোরটিন পিকস এক্সপেডিশন’-এর সদস্যদের গাইড হিসেবে এ অভিযানে অংশ নেন।
নেপালের পর্যটন বিভাগ এক বিবৃতিতে কামি রিতার এ অর্জনকে ‘ঐতিহাসিক মাইলফলক’ আখ্যা দিয়ে পর্বত পর্যটন বিকাশে তার অসামান্য অবদানের প্রশংসা করেছে।
কামি রিতা প্রথমবার এভারেস্ট জয় করেন ১৯৯৪ সালে। এরপর ২০১৪, ২০১৫ ও ২০২০ সাল ছাড়া প্রায় প্রতি বছরই তিনি বিশ্বের সর্বোচ্চ এই শৃঙ্গে আরোহণ করেছেন। ওই বছরগুলোতে বিভিন্ন কারণে এভারেস্ট অভিযান স্থগিত ছিল। কিছু বছরে তিনি একাধিকবারও চূড়ায় উঠেছেন।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে এভারেস্ট অভিযানে যুক্ত থাকা কামি রিতা বিশ্বজুড়ে পর্বতারোহীদের কাছে সাহস, অভিজ্ঞতা ও অধ্যবসায়ের প্রতীক হিসেবে পরিচিত।
উল্লেখ্য, তেনজিং নোরগে ও এডমন্ড হিলারির ঐতিহাসিক অভিযানের পর থেকে এখন পর্যন্ত আট হাজারের বেশি মানুষ এভারেস্ট জয় করেছেন। তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি বার চূড়ায় ওঠার অনন্য রেকর্ড এখনো নিজের দখলেই রেখেছেন কামি রিতা শেরপা।