স্পোর্টস ডেস্কঃ
দীর্ঘ অনিশ্চয়তা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপ দলে জায়গা পেলেন নেইমার। নিজেদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে নিয়েই উত্তর আমেরিকার বিশ্বকাপ অভিযানে নামছে ব্রাজিল।
বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আর সেই ঘোষণার সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন নেইমার।
কোচ যখন তার নাম ঘোষণা করেন, তখন উপস্থিত সমর্থকদের উচ্ছ্বাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ব্রাজিলজুড়ে শুরু হয় আনন্দ উদযাপন।
২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে গুরুতর চোটে পড়েন নেইমার। এরপর একের পর এক ইনজুরি ও ফর্মহীনতায় দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। ফলে জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
অবশেষে সব বাধা পেরিয়ে আড়াই বছরের বেশি সময় পর আবারও ব্রাজিল দলে ফিরলেন আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করা এই তারকা ফরোয়ার্ড।
বিশ্বকাপ দলে আরও চমক হিসেবে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী তরুণ ফুটবলার এন্দ্রিক। আক্রমণভাগে ব্রাজিলের হয়ে আরও থাকছেন গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইস এইহিকে, মাথেউস কুইয়া, রাফিনিয়া, রায়ান ও ভিনিসিউস জুনিয়র।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ‘সি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।