আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তার ক্ষমতায় আসার পর সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ ইস্যুতে কঠোর অবস্থানের কারণে “বাংলাদেশে জামায়াতিদের অস্বস্তি বেড়ে গেছে”।
সোমবার কলকাতার ভবানীপুর ও ক্যামাক স্ট্রিটে আয়োজিত এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়লাভের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তিনি বলেন, সীমান্ত সুরক্ষা জোরদার করা, অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তার ভাষায়, রাজ্য সরকার “রাষ্ট্র ও দেশ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার” দেবে।
তিনি আরও দাবি করেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সীমান্ত এলাকায় কাঁটাতার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কঠোর বার্তা দেন তিনি। সম্প্রতি পার্ক সার্কাস এলাকায় সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, এ ধরনের ঘটনায় “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করা হবে।
একইসঙ্গে রাজ্যের বিভিন্ন সামাজিক ভাতা ও ধর্মভিত্তিক প্রকল্প বন্ধের সিদ্ধান্তের কথাও উল্লেখ করে তিনি বলেন, এসব অর্থ এখন শিক্ষাবৃত্তি ও সাধারণ উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এসব মন্তব্য ও সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও উত্তাপ তৈরি করেছে।