বিনোদন ডেস্কঃ
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত আর বড়পর্দায় আসছে না রাশিদ পলাশ পরিচালিত সিনেমা ‘রঙবাজার’। পাইরেসির কবলে পড়ায় সিনেমাটির মুক্তি পরিকল্পনা বদলে এখন এটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়েছে।
পরিচালক রাশিদ পলাশ জানিয়েছেন, কয়েকদিন আগে সিনেমাটি পাইরেসির শিকার হয়। বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ায় সেটি আর পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। ফলে প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে।
তিনি আরও জানান, প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্মেই এখন সিনেমাটি দর্শকরা দেখতে পারবেন।
‘রঙবাজার’-এর গল্প একটি যৌনপল্লি উচ্ছেদকে কেন্দ্র করে নির্মিত। সিনেমাটিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, বড়দা মিঠু ও শাজাহান সম্রাট।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী এবং এটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।