স্পোর্টস ডেস্কঃ
দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটির হোঁচটেই এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে মিকেল আর্তেতার দল।
শিরোপার লড়াইয়ে টিকে থাকতে বোর্নমাউথের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ম্যানসিটির। তবে মঙ্গলবার রাতে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় পেপ গার্দিওলার শিষ্যরা। তাতেই উৎসবে মাতে আর্সেনাল শিবির।
ম্যাচের প্রথমার্ধে ইলি জুনিয়র কোপির গোলে পিছিয়ে পড়ে সিটি। এরপর পুরো ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ চালিয়েও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে পারেনি তারা। শেষ মুহূর্তে আর্লিং হলান্ড গোল করে সমতা ফেরালেও শিরোপা স্বপ্ন বাঁচানোর জন্য তা যথেষ্ট ছিল না।
৩৭ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৮২ পয়েন্ট। সমান ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৭৮। ফলে শেষ ম্যাচ এখন দুই দলের জন্যই কেবল আনুষ্ঠানিকতা।
এটি আর্সেনালের ইতিহাসে ১৪তম লিগ শিরোপা। সবশেষ ২০০৩-০৪ মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগ জিতেছিল উত্তর লন্ডনের ক্লাবটি। এরপর বহুবার খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছিল গানারদের।
বিশেষ করে শেষ তিন মৌসুমে শিরোপার লড়াইয়ে বারবার আক্ষেপ সঙ্গী হয়েছে আর্সেনালের। তবে এবার আর শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ হয়নি। ২০১৯ সালে দায়িত্ব নেওয়া কোচ মিকেল আর্তেতার অধীনেই অবশেষে বহু প্রতীক্ষিত লিগ শিরোপা ঘরে তুললো ক্লাবটি।