স্পোর্টস ডেস্কঃ
আসন্ন বিশ্বকাপ সামনে রেখে অভিজ্ঞ তারকাদের ওপরই ভরসা রাখল ক্রোয়েশিয়া। ৪০ বছর বয়সী লুকা মদ্রিচকে রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ জ্লাতকো দালিচ।
এবারই পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি এই মধ্যমাঠের ফুটবলার। ২০০৬ সালে বিশ্বকাপ অভিষেকের পর টানা পাঁচ আসরে দেশের প্রতিনিধিত্ব করার পথে মদ্রিচ।
শুধু মদ্রিচ নন, অভিজ্ঞ ফরোয়ার্ড ইভান পেরিসিচকেও দলে রেখেছে ক্রোয়েশিয়া। ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড খেলবেন নিজের চতুর্থ বিশ্বকাপ।
২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলতে বড় ভূমিকা ছিল মদ্রিচের। যদিও শিরোপার লড়াইয়ে ফ্রান্সের কাছে হারতে হয়েছিল ক্রোয়াটদের। এরপর ২০২২ বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই তৃতীয় স্থান অর্জন করে দলটি।
এখন পর্যন্ত দেশের জার্সিতে ১৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মদ্রিচ। আসন্ন বিশ্বকাপে মাঠে নামলে ক্রোয়েশিয়ার প্রথম ফুটবলার হিসেবে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করার সুযোগ থাকবে তার সামনে।
দলে আরও আছেন মাতেও কোভাচিচ, আন্দ্রেই ক্রামারিচ ও ইয়োশকো ভার্দিওলের মতো পরিচিত মুখ। পাশাপাশি মেজর লিগ সকারে দুর্দান্ত ছন্দে থাকা স্ট্রাইকার পেতার মুসাও জায়গা পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে।
বিশ্বকাপে ‘এল’ গ্রুপে রয়েছে ক্রোয়েশিয়া। ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর তারা মুখোমুখি হবে পানামা ও ঘানার।