স্পোর্টস ডেস্কঃ
চার বছর পর জাতীয় দলে ফেরার পরই বিশ্বকাপের টিকিট পেলেন রস স্টুয়ার্ট। দীর্ঘ বিরতির পরও দক্ষিণ্যের এই ফরোয়ার্ডকে ঘিরেই স্কটল্যান্ডের বিশ্বকাপ পরিকল্পনা সাজিয়েছেন কোচ স্টিভ ক্লার্ক।
আসন্ন বিশ্বকাপ সামনে রেখে গতকাল ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন স্কটল্যান্ডের প্রধান কোচ। দলে জায়গা পেয়েছেন ২৯ বছর বয়সী স্টুয়ার্ট, যিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০২২ সালে।
সাউথ্যাম্পটনের হয়ে চ্যাম্পিয়নশিপে দারুণ মৌসুম কাটিয়েছেন তিনি। ৩৩ ম্যাচে করেছেন ১১ গোল—যা শেষ পর্যন্ত কোচের আস্থা ফেরাতে বড় ভূমিকা রাখে।
তবে দলে জায়গা হয়নি ১৯ বছর বয়সী মিডফিল্ডার লেনন মিলারের। অন্যদিকে তরুণ প্রতিভা ফিন্ডলে কার্টিস প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন।
গোলরক্ষক হিসেবে ৪৩ বছর বয়সী অভিজ্ঞ ক্রেইগ গর্ডনকেও রেখেছে স্কটল্যান্ড। আন্তর্জাতিক ফুটবলে তিনি খেলেছেন ৮৩টি ম্যাচ।
১৯৯৮ সালের পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে স্কটল্যান্ড। আগামী ১৪ জুন হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। ‘সি’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ ব্রাজিল ও মরক্কো।