মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ বুধবার (২০ মে, ২০২৬) সকাল ১০:০০ টা থেকে ১০:৩০ টার মধ্যে সদর মডেল থানাধীন মহিপুর গ্রামস্থ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি চৌকস দল মহিপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে মোট ২০০ (দুইশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি টের পেয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী মো: এরফান আলী (৫৬)।
পলাতক আসামী মো: এরফান আলী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের মো: ফাইজুদ্দিন মন্ডল ও মোসা: হামেদা বেগমের ছেলে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে পলাতক আসামী মো: এরফান আলীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন। বর্তমানে মামলাটির পরবর্তী আইনি প্রক্রিয়া ও আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অভিযান ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান। মাদক নির্মূলে জেলাজুড়ে ডিএনসির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।