বিনোদন ডেস্কঃ
কান্ট্রি মিউজিকের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন একাডেমি অব কান্ট্রি মিউজিক (এসিএম) অ্যাওয়ার্ডসের ২০২৬ আসরে নজরকাড়া সাফল্য পেয়েছেন তরুণ গায়িকা এলা ল্যাংলি। এক রাতেই সাতটি পুরস্কার জিতে তিনি পুরো আসরের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। অন্যদিকে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন কোডি জনসন।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় অনুষ্ঠিত হয় কান্ট্রি মিউজিকের ৬১তম এই আয়োজন। শুরু থেকেই আলোচনায় ছিলেন এলা ল্যাংলি। যেসব বিভাগে তিনি মনোনয়ন পেয়েছিলেন, প্রায় সবকটিতেই জয় পান তিনি। তাঁর জনপ্রিয় গান ‘চুজ ইন টেক্সাস’-এর জন্য বর্ষসেরা নারী শিল্পী, শিল্পী-গীতিকার, বছরের সেরা গান ও সিঙ্গেলসহ একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেন তিনি।
বারবার মঞ্চে উঠে আবেগাপ্লুত হয়ে পড়েন এলা ল্যাংলি। শেষ পুরস্কার গ্রহণের সময় কিছুক্ষণ কথা বলতে গিয়ে থেমে যান তিনি। পরে নিজেকে সামলে নিয়ে সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষভাবে ধন্যবাদ দেন লেইনলি উইলসন ও মিরান্ডা ল্যাম্বার্টকে।
এদিকে রাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ জিতে নেন কোডি জনসন। পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, “সংগীত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেশা।” তিনি আরও জানান, মঞ্চের বাইরে তিনি নিজেকে একজন স্বামী, বাবা ও খামারি হিসেবেই দেখতে ভালোবাসেন। একই আসরে সেরা পুরুষ শিল্পীর পুরস্কারও ওঠে তাঁর হাতে।
অ্যালবাম বিভাগেও ছিল চমক। নিজের নামের অ্যালবামের জন্য বর্ষসেরা অ্যালবামের স্বীকৃতি পান পার্কার ম্যাককালাম। পুরস্কার গ্রহণের সময় তিনি মজার ছলে বলেন, “ভাবছিলাম, হয়তো আর আমাকে মঞ্চে ডাকা হবে না।”
পুরো আয়োজনজুড়েই ছিল প্রাণবন্ত সংগীত পরিবেশনা। উদ্বোধনী পারফরম্যান্স করেন গত বছরের ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ লেইনলি উইলসন।
এবারের এসিএম অ্যাওয়ার্ডস শেষে এলা ল্যাংলির উত্থান আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সংগীত বিশ্লেষকরা। দ্বিতীয় অ্যালবাম প্রকাশের পরই তিনি কান্ট্রি মিউজিকের অন্যতম আলোচিত মুখে পরিণত হয়েছেন। ইতিমধ্যে ঘোষণা এসেছে তাঁর প্রথম অ্যারেনা ট্যুরেরও। ধারণা করা হচ্ছে, আগামী বছর ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ বিভাগের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হবেন তিনি।
— রয়টার্স অবলম্বনে