স্পোর্টস ডেস্কঃ
অভিজ্ঞ মিডফিল্ডার গ্রানিত জাকার নেতৃত্বে বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে সুইজারল্যান্ড। টানা চতুর্থ বিশ্বকাপ খেলতে যাওয়া এই ফুটবলারের ওপর আস্থা রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ মুরাত ইয়াকিন।
৩৩ বছর বয়সী জাকার এটি হবে সপ্তম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। দলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আরও কয়েকজন ফুটবলারও জায়গা পেয়েছেন।
দলের অন্যতম আলোচিত নাম জেকি আমদুনি। হাঁটুর গুরুতর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও তাকে বিশ্বকাপ দলে রেখেছেন কোচ ইয়াকিন। এ বিষয়ে তিনি বলেন, আমদুনি এখনও পুরোপুরি ফিট না হলেও দলের কৌশল ও পরিকল্পনা সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে।
গত তিনটি বিশ্বকাপে শেষ ষোলোতে খেলেছে সুইজারল্যান্ড। এছাড়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সর্বশেষ দুই আসরেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছিল দলটি।
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সুইসরা। আগামী ৩১ মে জর্ডান এবং ৬ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।
এরপর ১৩ জুন কাতারের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সুইজারল্যান্ড। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা ও কানাডা।