আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যেকোনো মূল্যে জব্দ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে জন্য প্রয়োজনে ‘চরম পদক্ষেপ’ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা নিশ্চিত করব, তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র না থাকে। অন্যথায় আমাদের অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে হবে। আমি বিশ্বাস করি, জনগণের সামনে বিষয়টি তুলে ধরলে সবাই একমত হবেন যে— ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যায় না।”
সাংবাদিকরা প্রশ্ন করেন, ইরান কি তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রাখতে পারবে? জবাবে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, “না, আমরা ওটা নিয়ে আসব। আমাদের ওটার প্রয়োজন নেই, আমরা ওটা চাইও না। উদ্ধার করার পর সম্ভবত সেটি ধ্বংস করে দেওয়া হবে। তবে কোনোভাবেই আমরা সেটি তাদের কাছে থাকতে দেব না।”
এর আগে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জানিয়েছেন— দেশটির ইউরেনিয়াম কোনো অবস্থাতেই দেশের বাইরে নেওয়া যাবে না। তবে এই খবরকে ‘মিথ্যা অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “এসব খবর পরমাণু চুক্তিবিরোধীদের অপপ্রচার। সমৃদ্ধ ইউরেনিয়াম বিষয়ে তেহরানের অবস্থান শুরু থেকেই স্পষ্ট। ইরান নিজেই ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ মাত্রা কমিয়ে ফেলবে।”
তিনি আরও জানান, পরবর্তী দফার আলোচনা ও সংলাপে এই বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান এবং ইরানের অনড় মনোভাব মধ্যপ্রাচ্যে নতুন করে পারমাণবিক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে।