আন্তর্জাতিক ডেস্কঃ
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের প্রত্যন্ত এলাকায় ফের কামান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২২ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।
সানার প্রতিবেদনে বলা হয়, দেরা প্রদেশের পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকা ইয়ারমুক অববাহিকায় অবস্থিত মারিয়া ও আবদিন গ্রামের মধ্যবর্তী অঞ্চলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনীর ছোড়া কামানের গোলা মূলত সীমান্তঘেঁষা কৃষিজমি ও বনাঞ্চলে আঘাত হানে।
আকস্মিক এ হামলার পর সীমান্তবর্তী এলাকাজুড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সানা।
হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার কারণ সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি।
সাম্প্রতিক সময়ে সিরিয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলার ঘটনা বেড়েছে। বিশেষ করে ইরানপন্থি গোষ্ঠী ও অস্ত্র সরবরাহ কেন্দ্রের উপস্থিতির অভিযোগ তুলে ইসরায়েল প্রায়ই সিরিয়ার ভেতরে বিমান ও কামান হামলা চালিয়ে আসছে। যদিও সিরিয়া এসব হামলাকে নিজেদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করে আসছে।
তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি