বিনোদন ডেস্কঃ
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের ছবি ‘মানুষের বাগান’। ১৯ মে উৎসবের সমাপনী আয়োজনে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রদান করা হয়।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার প্রীতি রহমান।
প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্তর্জাতিক অর্জন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য গর্বের বিষয়। প্রযোজক ফরিদুর রেজা সাগর এই সাফল্যে সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
পরিচালক নুরুল আলম আতিক বলেন, সামাজিক বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এই স্বীকৃতি তাদের জন্য বিশেষ অনুপ্রেরণা। বহুদিন আগে নির্মিত এই কাজটি অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল, যা পুরো টিমের জন্য আনন্দের।
চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের জীবনের পাঁচটি ভিন্ন গল্পকে কেন্দ্র করে। পোস্টারের প্রতীকে দেখা যায়—একটি বিশাল গোল বাগানের চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষ, যেখানে কেউ গাছ লাগাচ্ছে, কেউ ছবি আঁকছে, কেউ স্বপ্ন বুনছে, আবার কেউ ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। এই প্রতীকী বাগানই মানবসমাজের আন্তঃসম্পর্কের প্রতিচ্ছবি।
২০১৮ সালে শুরু হওয়া এই চলচ্চিত্রের শুটিং এক বছরের মধ্যেই শেষ হয়। তবে পরবর্তী সময়ে বিভিন্ন জটিলতায় মুক্তি পেতে সময় লাগে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এটি সেন্সর সার্টিফিকেশন পায় এবং একই বছর প্রথম চলচ্চিত্র হিসেবে ছাড়পত্র লাভ করে।
পরিচালক জানান, শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে এবং পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্মে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে। এতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, দীপান্বিতা মার্টিন, অর্চিতা স্পর্শিয়া, মুনিরা মিঠু, মাহমুদ আলম, প্রসূন আজাদসহ অনেকে।