স্পোর্টস ডেস্কঃ
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে খেলায় বড় ধরনের চারটি নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে খেলাধুলার ধরণ, রেফারিং এবং শৃঙ্খলা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে ম্যাচে বাধ্যতামূলকভাবে ‘হাইড্রেশন বিরতি’ থাকবে। আবহাওয়ার পরিস্থিতি যাই হোক না কেন, প্রতি অর্ধে নির্দিষ্ট সময় পর খেলোয়াড়দের জন্য পানিবিরতির ব্যবস্থা রাখা হবে। ফিফার মতে, সব দলের জন্য সমান শারীরিক পরিস্থিতি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
এছাড়া ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থার ক্ষমতা আরও বাড়ানো হয়েছে। এখন থেকে শুধু গোল, পেনাল্টি বা সরাসরি লাল কার্ড নয়, দ্বিতীয় হলুদ কার্ড এবং কর্নার সংক্রান্ত সিদ্ধান্তও ভিএআর পর্যালোচনা করতে পারবে। এতে রেফারিং আরও নির্ভুল হবে বলে আশা করছে সংস্থাটি।
নতুন নিয়মে সময় ব্যবস্থাপনাতেও কঠোরতা আনা হয়েছে। গোলকিক, থ্রো-ইন ও খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে বল প্রতিপক্ষের দখলে চলে যাবে। পাশাপাশি বদলি ও অন্যান্য স্টপেজের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে, যাতে অযথা সময় নষ্ট কমে আসে।
সবচেয়ে আলোচিত পরিবর্তনগুলোর একটি হলো মাঠে আচরণবিধি সংক্রান্ত নিয়ম। এখন থেকে প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখলে তা গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হতে পারে এবং প্রয়োজনে লাল কার্ড দেখানো হতে পারে। এছাড়া ম্যাচ পরিত্যাগে উসকানি বা সিদ্ধান্তের বিরুদ্ধে অযৌক্তিক প্রতিবাদেও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
ফিফা বলছে, এসব পরিবর্তনের উদ্দেশ্য হলো খেলাকে আরও স্বচ্ছ, দ্রুতগতির এবং শৃঙ্খলাপূর্ণ করা। তবে সমালোচকদের মতে, কিছু নিয়ম ম্যাচের স্বাভাবিক প্রবাহে নতুন জটিলতাও তৈরি করতে পারে।