আন্তর্জাতিক ডেস্কঃ
চীনের উত্তরের শানসি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দুর্ঘটনার সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে টংঝৌ গ্রুপ পরিচালিত লিউশেনইউ কয়লা খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয় এবং শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, আহত শ্রমিকদের স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে বলে জানানো হয়েছে। এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম দ্রুত এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।
রাষ্ট্রীয় সূত্রগুলো জানিয়েছে, খনির কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ছয়টি উদ্ধার দল থেকে ৩৪৫ জন কর্মী উদ্ধার কাজে নিয়োজিত করা হয়েছে। শানসি প্রদেশ, যা চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন অঞ্চল, সেখানে অতীতেও একাধিক ভয়াবহ খনি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।