আন্তর্জাতিক ডেস্কঃ
হজ মৌসুমকে সামনে রেখে পবিত্র মক্কা ও আশপাশের এলাকায় হাজিদের জন্য বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করেছে সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয়। জিলহজ মাসের শুরু থেকে এখন পর্যন্ত ২৪ কোটি ৩০ লাখের বেশি বিভিন্ন ধরনের পণ্য বাজার ও খুচরা কেন্দ্রগুলোতে সরবরাহ করা হয়েছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, হাজিদের দৈনন্দিন চাহিদা পূরণ নিশ্চিত করতে রুটি, বোতলজাত পানি, দুগ্ধজাত পণ্য, জুস, কোমল পানীয় এবং বরফসহ প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা হয়েছে।
সরবরাহের মধ্যে রয়েছে ১২ কোটি ১৬ লাখের বেশি বোতল পানি, ৮ কোটি ২২ লাখের বেশি দুগ্ধজাত পণ্য ও পানীয়, ৩ কোটি ১৩ লাখের মতো রুটি এবং প্রায় ৭৯ লাখ বরফের টুকরো। চাহিদা পূরণে উৎপাদন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
বর্তমানে দৈনিক উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৬ লাখের বেশি বোতল পানি, ২ কোটি ৪৭ লাখের বেশি দুধ ও জুস, ৮৮ লাখের মতো রুটি এবং ২২ লাখের বেশি বরফ উৎপাদনে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাজার ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে নিয়মিত তদারকি ও পরিদর্শন কার্যক্রম চালু রাখা হয়েছে। হাজিদের সেবা নির্বিঘ্ন রাখতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে এই নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।