আন্তর্জাতিক ডেস্কঃ
ভেনেজুয়েলার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির শীর্ষ বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। পানামা সফরকালে প্রবাসী ভেনেজুয়েলাবাসীদের সঙ্গে এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।
পানামা সিটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাচাদো বলেন, “আমি প্রার্থী হব।” তিনি জানান, তার মূল লক্ষ্য হলো দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা, যেখানে দেশের ভেতরে ও বাইরে থাকা সব নাগরিক নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
দেশটির গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করাই তাদের একমাত্র লক্ষ্য উল্লেখ করে এই বিরোধী নেত্রী বলেন, “আমরা যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ওপর আস্থা রাখি এবং অর্জিত অগ্রগতির জন্য তাদের ধন্যবাদ জানাই।” সফরসূচি অনুযায়ী, সোমবার পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এবং জাতীয় পরিষদের প্রতিনিধিদের সঙ্গে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মাচাদোর বৈঠক করার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাচাদো সরাসরি অংশ নিতে না পারায় তার সমর্থিত প্রার্থী এদমুন্দো গনজালেস উরুতিয়া প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে সময় বিরোধী পক্ষ গনজালেসের জয়ের দাবি করলেও নিকোলাস মাদুরো নিজেকে বিজয়ী ঘোষণা করেন, যা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশ্ন ওঠে।
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, জানুয়ারিতে মাদুরোকে আটক করার পর ভেনেজুয়েলায় নতুন নির্বাচনের পথ তৈরি হতে পারে। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়নি।
(সূত্র: এএফপি)