নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় সাত বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার গুরুতর অভিযোগে একটি মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৪ মে) বিকেলে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ইমামের নাম হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩)। সে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার খলিশাপুর (বনপাড়া) গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে। পুলিশ জানায়, অভিযুক্ত যুবক স্থানীয় একটি মাদ্রাসা থেকে হাফিজি সম্পন্ন করে গত এক মাস ধরে পশ্চিম তারাকান্দি জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ভুক্তভোগী শিশুটি ওই মসজিদের ইমামের জন্য দুপুরের খাবার নিয়ে যায়। এ সময় নির্জন মসজিদের ভেতর শিশুটিকে একা পেয়ে মাহবুব তাকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে শিশুটি সেখান থেকে বেরিয়ে আসার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ইমামকে আটকে রেখে কুলিয়ারচর থানা-পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।
বাকপ্রতিবন্ধী শিশুর সাথে এমন ন্যক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং ঘটনাস্থলে জড়ো হন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের জোর দাবি জানান। কুলিয়ারচর থানা-পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য ও ফরেনসিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। কোনো ধরনের প্রভাব বা চাপ ছাড়াই অভিযোগের নিরপেক্ষ সত্যতা যাচাই করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।