স্পোর্টস ডেস্কঃ
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পোচেত্তিনো। স্বাগতিক হিসেবে বিশ্বমঞ্চে নামতে যাওয়া যুক্তরাষ্ট্রের এই স্কোয়াডে বেশ কিছু চমক থাকায় ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।
দলে জায়গা পেয়েছেন গিও রেইনা, জো স্ক্যালি এবং আলেহান্দ্রো জেনডেয়াস—যাদের অন্তর্ভুক্তি অনেককেই বিস্মিত করেছে। আগামী মঙ্গলবার নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে দলটি পরিচয় করিয়ে দেওয়া হবে।
প্রত্যাশা অনুযায়ী অভিজ্ঞ ক্রিস্টিয়ান পুলিসিচ, ওয়েস্টন ম্যাককিনি ও টাইলার অ্যাডামস স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। এ ছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ১৩ জন ফুটবলার।
ডিসেম্বর থেকে ক্লাব পর্যায়ে নিয়মিত সুযোগ না পেলেও গিও রেইনাকে দলে রাখায় কোচ পোচেত্তিনো তার সৃষ্টিশীলতা ও আক্রমণাত্মক দক্ষতাকে গুরুত্ব দিয়েছেন। অন্যদিকে ক্লাব আমেরিকায় দারুণ ফর্মে থাকা জেনডেয়াসের সাম্প্রতিক পারফরম্যান্স তাকে দলে জায়গা করে দিয়েছে। শেষ পাঁচ ম্যাচে চার গোল ও দুটি অ্যাসিস্ট করে তিনি নজর কাড়েন, যার কারণে বাদ পড়েছেন দিয়েগো লুনা।
ফিটনেস সমস্যার কারণে দল থেকে ছিটকে গেছেন ট্যানার টেসম্যান। পেশীর ইনজুরিতে ভুগছেন তিনি।
আগামী ১২ জুন ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিজ, ম্যাট টার্নার
ডিফেন্ডার: ম্যাক্স আর্ফস্টেন, সার্জিনো ডেস্ট, অ্যালেক্স ফ্রিম্যান, ম্যাকেঞ্জি, টিম রিম, ক্রিস রিচার্ডস, অ্যান্টনি রবিনসন, মাইলস রবিনসন, জো স্ক্যালি, অস্টিন ট্রাস্টি
মিডফিল্ডার: টাইলার অ্যাডামস, সেবাস্টিয়ান বারহাল্টার, ওয়েস্টন ম্যাককিনি, ক্রিস্টিয়ান রোল্ডান
আক্রমণাত্মক মিডফিল্ডার/উইঙ্গার: ব্রেন্ডেন অ্যারনসন, ক্রিস্টিয়ান পুলিসিচ, গিও রেইনা, মালিক টিলম্যান, টিম উইয়াহ, আলেহান্দ্রো জেনডেয়াস
স্ট্রাইকার: ফোলারিন বালোগান, রিকার্ডো পেপি, হাজি রাইট