আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের রণথম্ভোর জাতীয় উদ্যান-এ দেখা মিলেছে এক বিরল ও চমকপ্রদ দৃশ্য—একটি ভালুকের তাড়ায় পালাতে দেখা গেছে একটি রয়েল বেঙ্গল টাইগারকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওতে দেখা যায়, আক্রমণাত্মক ভঙ্গিতে বাঘটির দিকে এগিয়ে আসে ভালুকটি। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত স্থান ত্যাগ করে বাঘটি।
সাধারণত বাঘকেই জঙ্গলের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে দেখা হয়। তবে এবার যেন উল্টো চিত্রই ধরা পড়ল ক্যামেরায়। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, নিজের এলাকা রক্ষা কিংবা শাবকদের নিরাপত্তা নিশ্চিত করতেই ভালুকটি এমন আচরণ করে থাকতে পারে।
বিরল এই দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক নেটিজেনই ঘটনাটিকে ‘জঙ্গলের অপ্রত্যাশিত মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া