নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার জুলাই আন্দোলনের শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
তার নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ চারজন—মামুন, আহাদুন, মেহেদী ও সোহাগের পরিবারের মোট ২৩ সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে কুরবানির জন্য চারটি খাশি, খাদ্যসামগ্রী এবং ঈদের প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ ছিল।
উপহার সামগ্রীর মধ্যে চাল, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, সয়াবিন তেল, সেমাই, নুডলস, চিনি, দুধ, লবণ, সাবান ও মেহেদিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য পাঞ্জাবি, পায়জামা, শাড়ি, শার্ট, প্যান্ট ও থ্রি-পিসসহ বস্ত্রও প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ পরিবারগুলোর প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধ থেকে ব্যারিস্টার কায়সার কামাল নিয়মিতভাবে বিভিন্ন সহায়তা দিয়ে আসছেন। এর আগেও তিনি নগদ অর্থ ও খাদ্যসহায়তা প্রদান করেছেন।
ঈদকে সামনে রেখে এ মানবিক উদ্যোগ শহীদ পরিবারগুলোর প্রতি সম্মান ও সহমর্মিতার একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।