স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপ ফুটবল শুরুর আগেই বড় ধাক্কা খেল জার্মানি। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন ১৮ বছর বয়সী উদীয়মান মিডফিল্ডার লেনার্ট কার্ল।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, শুক্রবার দলের অনুশীলনের সময় কার্লের পেশি ছিঁড়ে যায়। চিকিৎসকরা জানান, তাঁর বিশ্বকাপে খেলার মতো অবস্থায় ফেরার সম্ভাবনা নেই।
কার্লকে এবারের বিশ্বকাপের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। বায়ার্ন মিউনিখের হয়ে গত মৌসুমে তিনি চ্যাম্পিয়নস লিগে ক্লাব ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন। চলতি বছরের মার্চে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি।
তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আরবি লাইপজিগের ২০ বছর বয়সী মিডফিল্ডার আসান ওয়েদ্রাওগো।
নিয়ম অনুযায়ী গুরুতর চোট বা অসুস্থতার ক্ষেত্রে প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনা যায়।
জার্মানির প্রথম ম্যাচ আগামী ১৪ জুন, প্রতিপক্ষ কুরাসাও।
কার্লের চোটটি ঘটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগের শেষ অনুশীলনে। দলের প্রধান কোচ হুলিয়ান নাগেলসমান বলেন, “দুর্ভাগ্যজনকভাবে লেনি অনুশীলনে চোট পেয়েছে। পরিস্থিতি ভালো নয়।”
এদিকে অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে দল। গত মাসে পাওয়া কাফ ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাঁকে খেলানোর ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।
নয়্যার ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন, পরে গত মাসে আবার দলে ফেরেন। তাঁর অনুপস্থিতিতে অলিভার বাউমানই ছিলেন প্রথম পছন্দের গোলরক্ষক।