আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে নতুন করে অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এবার কুয়েত ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।
ইরানের দাবি, পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামোকে লক্ষ্য করেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মোট সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এর আগে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া চারটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করে মার্কিন সামরিক বাহিনী। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের গোরেক এলাকা ও কেশম দ্বীপের রাডার এবং নজরদারি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
তবে ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের দাবি, ওমান উপসাগরে অবস্থানরত একটি মার্কিন যুদ্ধজাহাজকে সতর্কবার্তা দিতে সীমিত পদক্ষেপ নেওয়া হয়েছিল। একই সঙ্গে দেশটি অভিযোগ করেছে, মার্কিন নৌবাহিনী বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে এবং ইরানি জাহাজগুলোকে হয়রানির শিকার করছে।
এদিকে লেবানন ও ফিলিস্তিনেও সহিংসতা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও বৈরুতসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জরুরি সেবাকর্মীরাও রয়েছেন।
অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
তথ্যসূত্র: আল-জাজিরা ও তাসনিম নিউজ।