আন্তর্জাতিক ডেস্কঃ
কলম্বিয়ার একটি অবৈধ কয়লাখনিতে মিথেন গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণে সাতজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার মধ্য কলম্বিয়ার সুতাতাউসা শহরের কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় খনি সংস্থার বরাত দিয়ে জানা যায়, বিস্ফোরণের পরপরই উদ্ধারকাজ শুরু হলে প্রথমে একজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে শুক্রবার পর্যন্ত আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় সাতজনে।
আঞ্চলিক গভর্নর হোর্হে এমিলিও রে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে জানান, ঘটনার কারণ উদঘাটনে জাতীয় খনি সংস্থা পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করবে।
দুর্ঘটনার পর সুতাতাউসা শহরে শোকের ছায়া নেমে এসেছে।
মধ্য কলম্বিয়ায় বৈধ ও অবৈধ—উভয় ধরনের কয়লাখনিতেই এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তা বিধি উপেক্ষা এবং পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার অভাবই এসব প্রাণঘাতী দুর্ঘটনার প্রধান কারণ।
উল্লেখ্য, গত মে মাসেও একই অঞ্চলে দুটি পৃথক বিস্ফোরণে মোট ১৩ জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছিল।