আন্তর্জাতিক ডেস্কঃ
স্বর্ণ আমদানির ওপর ক্রমবর্ধমান নির্ভরতা ভারতের অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে উঠলেও এর সমাধান দেশটির পরিবারগুলোর ঘরেই রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এসবিআই রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভারতের স্বর্ণ আমদানি ছিল ৫ হাজার ৭৯০ কোটি ডলার, যা ২০২৫ সালে বেড়ে রেকর্ড ৭ হাজার ২৪০ কোটি ডলারে পৌঁছেছে।
বিশেষজ্ঞদের মতে, দেশের পরিবারগুলোর কাছে প্রায় ৩৫ হাজার টন স্বর্ণ অলংকার ও সম্পদ হিসেবে সংরক্ষিত রয়েছে, যার বড় অংশই দীর্ঘদিন অব্যবহৃত থাকে। এ পরিস্থিতিতে নতুন স্বর্ণ কেনার পরিবর্তে পুরোনো স্বর্ণ বিনিময়ের উদ্যোগ জনপ্রিয়তা পাচ্ছে।
স্বর্ণালঙ্কার নির্মাতা প্রতিষ্ঠান তানিশকের ‘আপনার পুরোনো স্বর্ণ ভারতের নতুন শক্তি’ প্রচারণা গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৩৬ লাখের বেশি গ্রাহক পুরোনো স্বর্ণ বিনিময় করেছেন। শুধু গত এক বছরেই এ উদ্যোগের মাধ্যমে ১৪ হাজার কেজির বেশি স্বর্ণ পুনরায় বাজারে ফিরেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সম্প্রসারিত হলে অব্যবহৃত স্বর্ণ অর্থনীতির মূলধারায় যুক্ত হবে এবং ধীরে ধীরে স্বর্ণ আমদানির ওপর ভারতের নির্ভরতা কমবে।