বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ২৮ জন শ্রমিক দীর্ঘ ১৭ মাস ভারতের কারাগার ও আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন কাটানোর পর অবশেষে দেশে ফিরেছেন। জীবিকার সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে আটক হওয়া এসব শ্রমিক সম্প্রতি বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ঈদুল আজহার আগে তাদের দেশে ফেরাতে উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং স্থানীয় সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রমিক ও তাদের পরিবার।
সংসদ সদস্য মো. মোশারফ হোসেন জানান, শ্রমিকদের দুর্দশার খবর পেয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘ বন্দিদশার অবসান ঘটিয়ে তারা নিরাপদে দেশে ফিরতে সক্ষম হয়েছেন।
শনিবার নন্দীগ্রামের বুড়ইল ইউনিয়নে ফিরে আসা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও আপ্যায়নের আয়োজন করেন তিনি। এ সময় শ্রমিকরা তাদের বন্দিজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার আনন্দ প্রকাশ করেন।