সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের নলছিয়া এলাকায় ফুলজোড় নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) বিকেলে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে সলঙ্গা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।