আন্তর্জাতিক ডেস্কঃ
ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। রোববার গভীর রাতে ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
হামলার পরপরই তেলআবিবসহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর আগে লেবাননের রাজধানী বৈরুতে হামলা হলে তা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে সতর্ক করেছিল তেহরান। রোববার বৈরুতে ইসরায়েলি হামলার পরই পাল্টা পদক্ষেপ হিসেবে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, বৈরুতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাবে উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইসরায়েলের স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টার দিকে হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ক্ষেপণাস্ত্রের সঠিক সংখ্যা জানা না গেলেও আইডিএফ দাবি করেছে, উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত সক্রিয় হওয়ার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়।
পরে আইডিএফ এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ছোড়া অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে। তবে হামলার ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।