স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খেল স্পেন। পেরুর বিপক্ষে ম্যাচে দলে থাকছেন না লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনিয়োজ।
মেক্সিকোর পুয়েবলার কুয়াউতেমোক স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টায় পেরুর মুখোমুখি হবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তিন তরুণ তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে স্পেনকে।
জানা গেছে, তিনজনই বর্তমানে ইনজুরি থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। তারা যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের চাটানুগায় স্পেনের বেস ক্যাম্পে থেকেই রিহ্যাব চালিয়ে যাচ্ছেন।
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, লামিন ইয়ামালকে বিশ্বকাপের প্রথম ম্যাচেই বিবেচনায় রাখতে চান তিনি। তবে তার অংশগ্রহণ সীমিত সময়ের জন্য হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন কোচ।
গত ২২ এপ্রিল বার্সেলোনার হয়ে ম্যাচ খেলতে গিয়ে পেনাল্টি থেকে গোল করার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ইয়ামাল। এরপর থেকেই তিনি পুনর্বাসনে আছেন।
শুক্রবার স্পেন দল চাটানুগায় পৌঁছায়। শনিবার ইয়ামাল ও উইলিয়ামস উন্মুক্ত অনুশীলনে অংশ নেন এবং ভক্তদের সঙ্গে অটোগ্রাফও দেন। তবে ম্যাচের ঝুঁকি না নিয়ে তাদের পুরোপুরি বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
আগামী ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। একই ভেন্যুতে ২১ জুন তাদের প্রতিপক্ষ সৌদি আরব। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন গুয়াদালাহারায় উরুগুয়ের মুখোমুখি হবে দলটি।
সব মিলিয়ে তরুণ তারকাদের ফিটনেস নিয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছে স্পেন শিবির, যাতে বিশ্বকাপের মূল পর্বে তাদের পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া যায়।