ঈশ্বরদী প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকায় টিসিবি পণ্য বিতরণ কার্যক্রমে চরম অব্যবস্থাপনার কারণে কার্ডধারীরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, নির্ধারিত সময়ের আগেই ডিলার পয়েন্টে বিপুল সংখ্যক কার্ডধারীর ভিড় জমে যায়। নারী, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও বিতরণ ব্যবস্থায় নেই কোনো শৃঙ্খলা বা সুস্পষ্ট নিয়ন্ত্রণ।
ডিলার পয়েন্টগুলোতে পর্যাপ্ত ছাউনি ও বসার ব্যবস্থা না থাকায় তীব্র গরমে দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে বলে ভুক্তভোগীরা জানান।
অভিযোগ রয়েছে, পণ্য বিতরণের সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা তদারকি কমিটির কার্যকর উপস্থিতি না থাকায় প্রায়ই লাইনে বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটছে।
এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের কার্যকর নজরদারি নিশ্চিত করে সুশৃঙ্খল পরিবেশে টিসিবি পণ্য বিতরণের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের এই ভোগান্তি অনেকাংশে কমে আসবে।