রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়নের (বলৎকার) চেষ্টার অভিযোগে একটি বিদ্যালয়ের অফিস সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আজিজুল আলমগীর (৪০)। তিনি মহানগরীর কর্ণহার থানার নেপালপাড়া গ্রামের মো. আব্দুল মন্ডলের ছেলে। গতকাল রবিবার দুপুরে কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম রানীদিঘী এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে বিদ্যালয় ছুটি হলে ওই প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে (১৩) মিষ্টি খাওয়ানোর কথা বলে ফুসলিয়ে হড়গ্রাম রানীদিঘী এলাকায় নিজের ভাগ্নির বাড়িতে নিয়ে যান অফিস সহকারী আজিজুল আলমগীর। পরে সেখানে নিজের শয়নকক্ষে নিয়ে ওই কিশোরকে বলৎকারের চেষ্টা চালান তিনি।
পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী কৌশলে সেখান থেকে বাড়ি ফিরে তার পিতা-মাতাকে বিষয়টি জানায়। পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আজিজুল আলমগীরকে গ্রেপ্তার করে।
কাশিয়াডাঙ্গা থানা পুলিশ জানায়, এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।