আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্যস্ততম পরিবহন কেন্দ্র পেন স্টেশনে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ওয়েস্ট ৩৩তম স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউ সংলগ্ন প্রবেশপথের কাছে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পরপরই নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে বেলভিউ হাসপাতালে, ভর্তি করে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও বাকিদের আঘাত প্রাণঘাতী নয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তি একজন গৃহহীন বা ভাসমান নাগরিক হতে পারেন। তবে হামলার প্রকৃত উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ম্যানহাটনের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের নিচে অবস্থিত পেন স্টেশন নিউইয়র্কের সাবওয়ে, লং আইল্যান্ড রেলপথ, নিউ জার্সি ট্রানজিট ও আমট্র্যাকের অন্যতম প্রধান সংযোগকেন্দ্র। প্রতিদিন হাজারো যাত্রী এই স্টেশন ব্যবহার করেন, ফলে ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগ তৈরি করেছে।
ঘটনার পর আমট্র্যাক পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আসন্ন এনবিএ ফাইনালের তৃতীয় ম্যাচকে কেন্দ্র করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিসিটিভি নজরদারি, ড্রোন টহল এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি জানান, এ ঘটনার কারণে ট্রেন চলাচল বা রেল পরিষেবায় কোনো বিঘ্ন ঘটেনি এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: সিএনএন