মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (৯ জুন) তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছে স্বাগতিকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে টাইগাররা। তানজিদ তামিম ক্যারিয়ারের সপ্তম ফিফটি হাঁকিয়ে আউট হয়েছেন। অন্যদিকে শান্ত রয়েছেন ফিফটির কাছাকাছি। তাকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন লিটন দাস
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলের খাতায় ১০ রান যোগ হতেই বিদায় নেন ওপেনার সাইফ হাসান। ৫ বলে ৫ রান করে নাথান এলিসের বলে এজ হয়ে স্লিপে মার্নাস লাবুশেনের হাতে ক্যাচ তুলে দেন এ ব্যাটার। এরপর ক্রিজে নেমে খোঁচা মেরে ক্যাচ তুলে দিয়েছিলেন শান্তও। তবে ভাগ্য সহায় হওয়ায় সাজঘরে ফিরতে হয়নি তাকে। জীবন পেয়ে তানজিদ তামিমের সঙ্গে দারুণ এক জুটি গড়ে তোলেন তিনি। ৪১ বলে ৬ চার ও ১ ছক্কায় ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেন তানজিদ তামিম।তবে এরপর ক্রিজে স্থায়ী হননি তিনি। ৪৪ বলে ৫৪ রানে থামে তার ইনিংস। তাতে ভাঙে শান্তর সঙ্গে তার ৯৬ রানের জুটি।তানজিদ তামিমকে হারিয়ে এখন লিটন দাসের সঙ্গে জুটি বাঁধছেন শান্ত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ ১৫ বছর পর ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। এর আগে ২০০৬ ও ২০১১ সালে খেলা দুই সিরিজের ৬ ম্যাচেই হেরেছে লাল সবুজরা। সব মিলিয়ে ২২ ম্যাচের মধ্যে অজিরা জিতেছে ২০ ম্যাচ, একটি পরিত্যক্ত আর একটি জিতেছে টাইগাররা।
এবার সে ব্যবধান কমানোর পালা স্বাগতিকদের। এ সিরিজে অজি দলে নেই অনেক তারকা ক্রিকেটার। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, মিচেল মার্শ কিংবা ট্রাভিস হেডরা দলের বাইরে। তাই সুযোগটা কাজে লাগানোর মোক্ষম সময় লাল সবুজদের জন্য।
এ ম্যাচে বাংলাদেশ একাদশে সুযোগ পেয়েছেন চার বছর পর ওয়ানডে দলে ফেরা স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তবে জায়গা হারিয়েছেন সবশেষ নিউজিল্যান্ড সিরিজের একাদশে থাকা সৌম্য সরকার। অন্যদিকে অজি শিবিরে অভিষেক হলো পেস বোলিং অলরাউন্ডার লিয়াম স্কটের।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
অস্ট্রেলিয়া একাদশ: ম্যাট শর্ট, কুপার কোনোলি, জশ ইংলিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, লিয়াম স্কট, জাভিয়ার বার্টলেট, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।