নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আক্তার মিয়াকে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার রাতে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভুবন গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আক্তার মিয়ার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়। তবে মামলার বিস্তারিত অভিযোগ ও গ্রেফতারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
উল্লেখ্য, আক্তার মিয়া নিষিদ্ধ পূর্বভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে রয়েছেন।