গত সোমবার (৮ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল জানালার গ্রিল কেটে ওই বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা প্রথমে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে। এরপর ঘরে থাকা মা ও তার স্কুলপড়ুয়া মেয়েকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত পুরো এলাকা ঘিরে রেখে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।
আটকরা হলেন, মাতামুহুরী উপজেলার ডলুনিঘোনা এলাকার রেজাউল করিম (৩৬), তোফাজ্জল হোসেন ওরফে বাবু (২৩) ও তাঁর ভাই কেফায়েত হোসেন ওরফে পুইত্যা (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), সাহারবিল ইউনিয়নের কদ্দাছড়া এলাকার মেহেদী হাসান (২৪) এবং কোরালখালী এলাকার মোহাম্মদ তারেক (২৬)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এবং মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার তদন্তের পাশাপাশি জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে ঈদুল আজহার আগের দিন অলির বাপের পাড়ায় জনৈক চিকিৎসকের বাড়িতে চুরি এবং পরে পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, এলাকায় একটি সংঘবদ্ধ ‘গ্রিল-কাটা’ ডাকাত চক্র তীব্রভাবে সক্রিয় হয়ে উঠেছে। একের পর এক চুরি, ডাকাতি ও সর্বশেষ পাশবিক ধর্ষণের এই ঘটনায় পুরো উপজেলার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে এই চক্রের মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।