নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ কারিগর। তাদের দক্ষতা ও সচেতনতার ওপরই সংসদীয় কার্যক্রমের গতি ও কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে।
মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) থ্রিডি হলে সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংসদীয় ব্যবস্থাকে প্রাণবন্ত ও কার্যকর করতে সহকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সংসদ সদস্য তার ব্যক্তিগত সহকারীর ওপর আস্থা রাখেন এবং অনেক ক্ষেত্রেই তাদের পরামর্শ অনুসরণ করেন।
চিফ হুইপ আরও বলেন, সহকারীদের দায়িত্ব শুধু প্রশাসনিক কাজেই সীমাবদ্ধ নয়, বরং নীতি ও বাজেট বোঝার ক্ষেত্রেও তাদের দক্ষ হতে হবে, যাতে তারা এমপিদের সঠিকভাবে সহায়তা করতে পারেন।
অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।