নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান-এর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে শুরু হওয়া এ বৈঠকে নতুন ও সংশোধিত মিলিয়ে ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত প্রকল্পগুলোর সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১০৬ কোটি টাকা। অবকাঠামো, পানিসম্পদ, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ-জ্বালানি এবং সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দিয়ে এসব প্রকল্প প্রস্তুত করা হয়েছে।
সভায় প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে আনোয়ারা এলাকায় ৮০০ একর জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প অনুমোদনের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের আগে প্রকল্পটি অনুমোদন পেতে পারে বলে জানা গেছে।
এদিকে শিশুস্বাস্থ্য সেবা সম্প্রসারণের লক্ষ্যে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’ নামে একটি নতুন প্রকল্পও একনেকে উপস্থাপন করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪৪ কোটি টাকা। আগামী জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ এবং শিশু হাসপাতাল সম্প্রসারণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পও অনুমোদনের জন্য বৈঠকে উপস্থাপন করা হয়েছে।
একনেক বৈঠক শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।