আন্তর্জাতিক ডেস্কঃ
চীনের সাংহাই শহরের ৭৪ বছর বয়সী এক নারী ইংজি এখন নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। বয়সকে জয় করে তার তারুণ্যদীপ্ত উপস্থিতি, ব্যতিক্রমী রুচি এবং আত্মবিশ্বাসী জীবনযাপন তাকে দিয়েছে এক অনন্য পরিচিতি। অনলাইনে তাকে ভালোবেসে মানুষ ডাকছে ‘তরুণী দাদি’ নামে।
সাদা চুলের এই প্রবীণ নারী হাই হিল পরে শহরের রাস্তায় হাঁটেন, নাচেন এবং র্যাম্পে ক্যাটওয়াক করেন—যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই অর্জন করেছে কোটি কোটি দর্শক ও প্রায় ২০ লাখ অনুসারী।
ইংজি বলেন, তার এই প্রাণবন্ত রূপের পেছনের রহস্য হলো নিজের স্টাইল ও আত্মবিশ্বাস আঁকড়ে থাকা। তরুণদের মতো রঙিন পোশাক, পপ ও পাংক ঘরানার পোশাকও তিনি সমান স্বাচ্ছন্দ্যে পরেন।
প্রতিদিন তিনি এক ঘণ্টা যোগব্যায়াম করেন এবং বিকেলের পর আর খাবার গ্রহণ করেন না—এটাই তার সুস্থ থাকার অভ্যাস।
জীবনের দীর্ঘ পথে তিনি একসময় জাপানে পরিবার নিয়ে রেস্তোরাঁ পরিচালনা করেছেন, পরে দেশে ফিরে রিয়েল এস্টেট ব্যবসায় সফলতা অর্জন করেন এবং দাতব্য কাজে বিপুল অর্থ দান করেন।
৭০ বছর বয়সে তিনি প্রবীণ নারীদের একটি ফ্যাশন গোষ্ঠীতে যুক্ত হন, যারা বয়সকে বাধা নয় বরং শক্তি হিসেবে দেখাতে কাজ করে।
সম্প্রতি সাংহাই ডিজনিল্যান্ডের একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে তিনি নিজের বহুদিনের স্বপ্ন পূরণ করেন।
ইংজির ভাষায়, বয়স কোনো সীমা নয়—বরং এটি জীবনের একটি অর্জন। তার ইচ্ছা, তিনি ১২০ বছর বয়স পর্যন্ত একইভাবে প্রাণবন্ত ও সুন্দরভাবে বেঁচে থাকবেন।
তার এই অনন্য জীবনদর্শন সমাজে প্রবীণদের নিয়ে প্রচলিত ধারণা ভেঙে নতুন প্রজন্মকে দিচ্ছে অনুপ্রেরণা।