আকাশ দাশ সৈকত
অস্ট্রেলিয়ার ব্যাটার জশ ইংলিসকে আউট করার পর অতিরিক্ত আগ্রাসী আচরণ দেখিয়ে শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশি স্পিডস্টার নাহিদ রানা। মাঠে আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচ চলাকালীন অজি অধিনায়ক জশ ইংলিসকে আউট করার পর বেশ উগ্রভাবে উদযাপন করেন নাহিদ রানা। শুধু তাই নয়, আউট হওয়া ব্যাটারের দিকে তাকিয়ে তাকে উত্তপ্ত বাক্য ছুড়ে দিতেও দেখা যায়। মাঠের আম্পায়াররা বিষয়টি আমলে নিলে শেষ পর্যন্ত আইসিসির শাস্তির কবলে পড়তে হয় এই তরুণ পেসারকে। শাস্তির পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।
বুধবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি জানায়, মঙ্গলবার ঢাকার ম্যাচে আচরণবিধির ‘লেভেল-১’ ভঙ্গ করেছেন নাহিদ রানা। তার বিরুদ্ধে আইসিসি কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.৫ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এবং দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই শাস্তি পেতে হচ্ছে।