২০২৬ ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল পর্তুগাল। ঘরের মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফ্রিকার শক্তিশালী দল নাইজেরিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। একাধিক সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে পারেননি রোনালদো। তবে ২৩তম মিনিটে পেদ্রো নেতোর দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে যায় স্বাগতিকরা।
গোল হজমের পর পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে পড়ে নাইজেরিয়া। ৩৭তম মিনিটে আরোক অ্যাডামসের চমৎকার গোলে সমতায় ফেরে আফ্রিকার প্রতিনিধিরা। ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে জয়ের লক্ষ্যে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে পর্তুগাল। শেষ পর্যন্ত ৭৫তম মিনিটে তরুণ উইঙ্গার ফ্রান্সিস্কো কোনসেইসাওয়ের দারুণ এক গোলে ফের লিড পায় দলটি। সেই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
এই জয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপের মূল পর্বের আগে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিল পর্তুগাল।
আগামী ১৭ জুন যুক্তরাষ্ট্রের হিউসটনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগিজরা।
বাংলাদেশ নিউজ টুডে / এস.এ