দেশের প্রেক্ষাগৃহে ব্লকবাস্টার ‘হাওয়া’র পর নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় চলচ্চিত্র ‘রইদ’ এবার আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করতে যাচ্ছে। ঈদে মুক্তির পর দেশীয় দর্শকদের ব্যাপক সাড়া ও সমালোচকদের প্রশংসা অর্জনের পাশাপাশি ছবিটি বাণিজ্যিকভাবেও সফলতা পেয়েছে। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে ছবিটি।
চলতি মাসের শেষ সপ্তাহে একযোগে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০টি শহরে ‘রইদ’ প্রদর্শনের প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব নিয়েছে প্রবাসে বাংলা চলচ্চিত্র পরিবেশনায় পরিচিত প্রতিষ্ঠান ‘বায়স্কোপ ফিল্মস’।
প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ জানান, সাম্প্রতিক বছরগুলোতে প্রবাসে বাংলা চলচ্চিত্রের জন্য একটি শক্তিশালী দর্শকগোষ্ঠী তৈরি হয়েছে। সেই চাহিদার ভিত্তিতেই তাদের ৫৫তম পরিবেশনা হিসেবে ‘রইদ’কে উত্তর আমেরিকার দর্শকদের সামনে আনা হচ্ছে। একই সঙ্গে ছবিটিকে অস্কার মনোনয়নযোগ্য পর্যায়ে নেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে।
পৌরাণিক আবহে আধুনিক সময়ের রূপক গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে।
বঙ্গ ও ফেসকার্ডের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রইদ’ বর্তমানে দেশের প্রধান প্রেক্ষাগৃহগুলোতে সফলভাবে প্রদর্শিত হচ্ছে।
বাংলাদেশ নিউজ টুডে / এস.এ