নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড পরিচালিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট।গত এপ্রিল মাসে কেন্দ্রটি মোট ৭৬০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশেরও বেশি।
রোববার দুপুরে বিআইএফপিসিএল’র উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী বলেন, সর্বোচ্চ চাহিদার সময়েও প্রায় পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটি পরিচালনা করা সম্ভব হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর নকশা এবং সংশ্লিষ্টদের নিরলস প্রচেষ্টার ফলে।
তিনি আরও বলেন, এই সাফল্য শুধু দক্ষ পরিচালনারই প্রতিফলন নয়, বরং বাংলাদেশ ও ভারতের মধ্যকার পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
বর্তমানে কেন্দ্রটি ভারতের এনটিপিসি-এর বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ বাংলাদেশি প্রকৌশলীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি উপদেষ্টা হিসেবে সহায়তা প্রদান করছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় প্রকৌশলীদের দক্ষতায় এ ধরনের বৃহৎ বিদ্যুৎকেন্দ্র পরিচালনা দেশের কারিগরি সক্ষমতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।