আলমগীর কবীর হৃদয়, পাবনা জেলা প্রতিনিধি :
পাবনার জনপ্রিয় স্থানীয় পত্রিকা দৈনিক সিনসা-এর ২১ বছরে পদার্পণ উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে দিনব্যাপী আলোচনা সভা, কবিতা আবৃত্তি, গুণীজন সম্মাননা, কেক কাটা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, সংবাদপত্র ও সাংবাদিকরা মানবতার বার্তাবাহক। দেশাত্মবোধ, জাতীয় চেতনা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সাংবাদিক, কবি-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক জহুরুল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম, সরকারি মহিলা কলেজের বিভাগীয় প্রধান মো. আখতার জামান, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা এবং উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক বাঁশপত্র’র বার্তা সম্পাদক কবি আলমগীর কবীর হৃদয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ডা. নাজমুল হক। পরে প্রয়াত কবি ইদ্রিস আলী, আলতাফ হোসেন ও আজাদ এহতেশামের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় বিভিন্ন শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক ও সামাজিক ব্যক্তিত্ব বক্তব্য দেন। কবিতা আবৃত্তি করেন কবি আমিনুর রহমান খান, কবি মঞ্জুরুল ইসলাম, কবি করুনা নাসরিন, কবি শামীমা সীমা,কবি নীলিমা নীল, মরিয়ম বেলারুশী, কবি সৈয়দা সোনিয়া খাতুনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট এবং ৪০ জন কবি, সাহিত্যিক ও গুণীজনকে সম্মাননা মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম এবং নদী গবেষক ড. মনছুর আলম।