চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নবজাতকের জন্মকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করতে ৫০টি নবজাতকের পরিবারের মাঝে আমগাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকালে অরণ্য চিলমারী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বালাবাড়ী হাট শিকারপাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় নবজাতকের পরিবারের হাতে আমের চারা তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং একটি শিশুর জন্মকে স্মরণীয় করে রাখার লক্ষ্যেই এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অরণ্য চিলমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওয়াজকুরুনী রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের সদস্যরা বলেন, “একটি শিশুর জন্মের সঙ্গে একটি গাছ রোপণ করলে যেমন শিশুর বেড়ে ওঠার স্মৃতি সংরক্ষিত হয়, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তারা সমাজের সকল মানুষকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং সবুজ বাংলাদেশ গড়ার পথে ইতিবাচক ভূমিকা রাখবে।