মিলন হোসেন, বগুড়া প্রতিনিধি
বগুড়ার ধুনট থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
রোববার (১২ জুলাই) বগুড়ার পুলিশ সুপার (এসপি) মীর্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট থানায় দায়ের হওয়া একটি প্রতারণার অভিযোগের তদন্তভার দেওয়া হয়েছিল এসআই মোস্তাফিজার রহমানকে। সেই সূত্র ধরে অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সাথে তার যোগাযোগ গড়ে ওঠে। তবে তদন্তের আড়ালে একপর্যায়ে ওই প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন ওই পুলিশ কর্মকর্তা।
পরবর্তীতে তাদের মধ্যকার মোবাইল ফোনের একটি আপত্তিজনক কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্তে অডিও রেকর্ডের সত্যতা প্রমাণিত হওয়ার পর একটি প্রতিবেদন জমা দেওয়া হয়।
তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে রোববার পুলিশ সুপারের নির্দেশে তাকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়।