আলমগীর কবীর হৃদয় (স্টাফ রিপোর্টার):
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মোস্তাকিম মন্ডল (২২), সাং- দ্বীপচর (লেবুর বাগান), দোগাছি, পাবনা সদর এবং মো. জিহাদ হাসান (২১), সাং- দ্বীপচর, চর আশুতোষপুর, দোগাছি, পাবনা সদর।
পরে তাদের দেহ তল্লাশি করে মোস্তাকিম মন্ডলের কাছ থেকে ৭০ পিস এবং জিহাদ হাসানের কাছ থেকে ৩০ পিসসহ মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।
এ ঘটনায় উদ্ধারকৃত আলামত জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে মাদক নির্মূলে জনগণের সচেতনতা, তথ্য প্রদান ও সার্বিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও পুলিশ উল্লেখ করেছে।