• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

এআই ছবি ভাইরাল, যুবকের শাস্তির দাবিতে উত্তেজনা

প্রতিবেদক / ১৩ বার
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) চেয়ারে বসে টেবিলের ওপর পা তোলা এবং পুলিশ সদস্যদের জোড়হাতে দাঁড়িয়ে থাকার একটি বিতর্কিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়েছে। ‘চাঁপাইয়ের ছেলে’ নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি পোস্ট করার পর থেকেই স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।

ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, নাচোল থানার ওসির নেমপ্লেট ও লোগো সংবলিত একটি কক্ষে ওসির চেয়ারে বসে এক যুবক টেবিলের ওপর দুই পা তুলে দিয়েছেন। আর তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য তাকে হাত জোড় করে বিনতি করছেন। তবে ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে স্পষ্ট বোঝা যায় যে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে।

ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দারা যুবকের এমন ধৃষ্টতাপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। ক্ষুব্ধ এলাকাবাসী জানান, ছবিটি কৃত্রিমভাবে বানানো হলেও এভাবে দেশের একটি অন্যতম প্রধান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং তাদের হেয় প্রতিপন্ন করা রাষ্ট্রীয় দণ্ডবিধি অনুযায়ী গুরুতর অপরাধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর অপপ্রচার বন্ধে ও জড়িত যুবককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি)সুকোমল চন্দ্র দেবনাথ জানান, “আমার থানায় এই ধরনের কোনো চেয়ার বা পরিবেশ নেই। ছবিটি সম্পূর্ণ কৃত্রিম বা বানানো (এআই জেনারেটেড) হতে পারে। তবে পুলিশ প্রশাসনকে এভাবে ব্যঙ্গ করে ছবি তৈরি ও প্রচার করা আইনত অপরাধ।”

তিনি আরও জানান, বিষয়টি ইতিমধ্যে পুলিশের নজরে এসেছে। এই আপত্তিকর ছবিটির উৎস এবং পেজের অ্যাডমিনসহ সংশ্লিষ্ট যুবকের খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা