মোঃ আশিকুর রহমান বিপ্লব
ভ্রাম্যমাণ প্রতিনিধি।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের একাংশ অনির্দিষ্টকালের জন্য আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। সোমবার রাত ৮টা থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। রাতের মধ্যে কিছু দূরপাল্লার বাস ছেড়ে গেলেও মঙ্গলবার সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
শ্রমিকদের দাবি, সাধারণ সভার মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতে হবে। তবে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম প্রশাসনের তত্ত্বাবধানে একটি নির্বাচনি কমিটি গঠনের প্রস্তাব দিলে শ্রমিকদের একাংশ তা প্রত্যাখ্যান করে।
সভা শেষে শিরোইল বাস টার্মিনালে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের চেম্বারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।
শ্রমিক নেতা মোমিনুল ইসলাম মোমিন অভিযোগ করেন, জেলা প্রশাসকের প্রস্তাব নিরপেক্ষ নয়, তাই শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। তবে জেলা প্রশাসক বলেন, পরিস্থিতি সমাধানে প্রশাসন কাজ করছে।
অন্যদিকে নজরুল ইসলাম হেলাল হামলা ও ভাঙচুরের নিন্দা জানিয়ে বলেন, মালিকপক্ষ বাস চলাচল স্বাভাবিক রাখতে চাইলেও শ্রমিকদের একাংশ তা বন্ধ করে দিয়েছে।