ফরিদপুর প্রতিনিধি:
এস এম আলমগীর হুসাইন
শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি এবং ভোটাধিকার প্রয়োগ সম্পর্কে বাস্তব ধারণা গড়ে তোলার লক্ষ্যে গতকাল ফরিদপুরের মমতাজ প্যারাগন কেজি স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ নির্বাচনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করে।নির্বাচনে বিভিন্ন প্রতীক নিয়ে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে পঞ্চম শ্রেণির ছাত্র জুবায়ের আকন মোট ভোটের ৬৬.৬৭ শতাংশ পেয়ে ছাত্র প্রতিনিধি হিসেবে বিজয়ী হন। অপরদিকে পঞ্চম শ্রেণির ছাত্রী মেহজাবিন খান ৫৮.৬০ শতাংশ ভোট পেয়ে ছাত্রী প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।নির্বাচন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল আনন্দঘন পরিবেশ। ভোট প্রদান, ব্যালট বাক্সে ভোট সংরক্ষণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা প্রক্রিয়া শিক্ষার্থীদের কাছে ছিল এক নতুন ও শিক্ষণীয় অভিজ্ঞতা। বিশেষ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের পুরো প্রক্রিয়া প্রত্যক্ষ করে ব্যাপক উৎসাহ ও আনন্দ প্রকাশ করে।এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের এমন গণতান্ত্রিক কার্যক্রমে অংশগ্রহণকে ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের জন্য গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন।মমতাজ প্যারাগন কেজি স্কুল ফরিদপুরের একটি আধুনিক ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, নেতৃত্ব বিকাশ, সৃজনশীল কর্মকাণ্ড, সাংস্কৃতিক চর্চা, সহশিক্ষা কার্যক্রম এবং সামাজিক মূল্যবোধ গঠনে প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন কর্মসূচি আয়োজন করে থাকে। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়টি বিশেষ ভূমিকা পালন করে আসছে।বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা, নেতৃত্বের দক্ষতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।