নিজস্ব প্রতিনিধিঃ
ভিভিআইপি প্রটোকল ভেঙে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর সড়কে ব্যস্ত যানজটের মাঝেও তার এই মানবিক সিদ্ধান্তকে প্রত্যক্ষদর্শীরা ইতিবাচকভাবে দেখছেন।
ঘটনাটি ঘটে বুধবার (৬ মে) সকালে কারওয়ানবাজার এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের অংশে। প্রধানমন্ত্রী সচিবালয়ের দিকে যাচ্ছিলেন তার সরকারি বহর নিয়ে। এ সময় সাইরেন বাজিয়ে দ্রুতগতিতে একটি অ্যাম্বুলেন্স বহরের পেছনে এসে পথ চায়।
পরিস্থিতি বুঝে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দিতে। নির্দেশের পরপরই বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে নির্বিঘ্নে যেতে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যস্ত সড়কে ভিভিআইপি বহর থামিয়ে জরুরি সেবার যানকে অগ্রাধিকার দেওয়ার এই ঘটনা ছিল স্বতঃস্ফূর্ত ও মানবিক। তারা বলেন, সাধারণত এ ধরনের দৃশ্য বিরল।
প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে জনসেবার প্রতি দায়িত্ববোধ ও সহমর্মিতার একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে।